রাজশাহী ধর্মপ্রদেশের মধ্য ভিকারিয়ার ফাদার, ব্রাদার ও সিস্টারদের নিয়ে অনুষ্ঠিত হলো পাস্কা পুর্নমিলনী
গত ১৭ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ, রাজশাহী ধর্মপ্রদেশের অন্তর্গত নবাই বটতলা ধর্মপল্লীতে মধ্য ভিকারিয়ায় সেবাদানরত ফাদার, ব্রাদার ও সিস্টারদের নিয়ে অনুষ্ঠিত হলো পাস্কা পুর্নমিলনী সহভাগিতা সেমিনার।
রাজশাহী ধর্মপ্রদেশীয় যাজকীয় ও ব্রতধারী/ব্রতধারিনীদের জন্য কমিশনের উদ্যোগে এই পাস্কা পুর্নমিলনী সহভাগিতা সেমিনারের আয়োনে করা হয়।
এই সেমিনারের মূলসুর ছিল, “পুনরুত্থিত খ্রিস্টে আনন্দপূর্ণ পালকীয় সেবাকাজ”। এতে মধ্য ভিকারিয়ার বিভিন্ন ধর্মপল্লী ও প্রতিষ্ঠানে সেবারত প্রায় ৪৪জন অংশগ্রহণ করেন।
সেমিনারের শুরুতেই ছিল অতিথিদের আসন গ্রহণ, পুনরুত্থান প্রদীপসহ চারটি প্রদীপ প্রজ্জ্বলন ও শান্তিরাণী সিস্টার সম্প্রদায়ের পরিচালনায় মূলসুর কেন্দ্রিক প্রার্থনা।
উক্ত কমিশনের সেক্রেটারী ও নবাই বটতলা ধর্মপল্লীর পাল-পুরোহিত ফাদার স্বপন পিউরীফিকেশন শুভেচ্ছা বক্তব্যসহ সেমিনারের উদ্দেশ্য তুলে ধরেন।
মূলসুরের উপর সহভাহিগতা করেন ধর্মপ্রদেশের চ্যান্সেলর ও আন্ধারকোঠা ধর্মপল্লীর পাল-পুরোহিত ফাদার প্রেমু রোজারিও।
তিনি তার সহভাগিতায় তুলে ধরেন, “যাজকীয়/ব্রতীয় জীবনে সেবাকাজ শুধু দায়িত্ব নয়, বরং এটা একটি আনন্দপূর্ণ যাত্রা খ্রিস্টের সাথে। যাজকীয়/ব্রতীয় জীবনে সেবাকাজ হলো খ্রিস্টে আনন্দ উপলদ্ধি করে সেবাকাজ করা।”
তিনি আরো বলেন, “আনন্দপূর্ণ সেবাকাজ বলতে শুধু হাঁসি-খুশি জীবনকে বুঝায় না, বরং বুঝায় ঈশ্বরের উপর গভীর বিশ্বাস নিয়ে কাজ করা। হৃদয়ে/অন্তরের ভিতরে আনন্দ আছে কি-না তা প্রকাশ পায় আমাদের বিশ্বাসপূর্ণ সেবাকাজের মাধ্যমে।”
“যদি আমরা ভালবাসপূর্ণ মনোভাব নিয়ে সেবাকাজ করি তাহলে পালকীয় সেবায় আনন্দ পাবো। ক্যাথলিক মণ্ডলির বিশ্বাস অনুযায়ী দু:খের জীবন ছাড়া আনন্দ পাওয়া যায় না, যা আমরা যীশুর জীবনে দেখি যিনি ক্রুশে জীবন দান ও পুনরুত্থানের মাধ্যমে আমাদের জন্য নতুন জীবন, আনন্দের জীবন এনেছেন”, বলেন ফাদার রোজারিও।
তিনি সাধু পলের উক্তি তুলে ধরে বলেন, “প্রভুতে আনন্দ কর। শত বাধা-বিপত্তির মধ্যে খ্রিস্টের নামে সেবাকাজ করলেই কেবল আমরা আনন্দ পাবো। সাধ্বী মাদার তেরেজা মতে, নম্র হয়ে স্বার্থহীনভাবে সেবাকাজ করলে আনন্দ পাওয়া যায়।”
“ঈশ্বরের ভালবাসায় সিক্ত হয়ে পবিত্র আত্মায় উদবুদ্ধ হয়ে মানবসেবায় নিজেকে নিয়োজিত রাখাই হলো আনন্দপূর্ণ সেবাকাজ”, বলেন ফাদার রোজারিও।
পরিশেষে উন্মুক্ত সহভাগিতায় ফাদার, ব্রাদার ও সিস্টারগণ পালকীয় সেবাদান করতে গিয়ে জীবনের আনন্দপূর্ণ অভিজ্ঞতা ও বিভিন্ন ঘটনা সহভাগিতা করেন যা পরষ্পরের জীবনকে আলোকিত করেছে। - ফাদার স্বপন পিউরীফিকেশন