এশিয়ার জন্য সিনডাল পালকীয় নির্দেশিকা প্রণয়নে কাজ শুরু
FABC-এর ১২তম অধিবেশন সভা-এ অংশগ্রহণকারী বিশপ ও প্রতিনিধিরা কয়েক দিনের ধর্মতাত্ত্বিক আলোচনা শেষে ২৫ জুলাই এক গুরুত্বপূর্ণ নতুন পর্যায়ে প্রবেশ করেন। এদিন তারা এশিয়ার জন্য একটি সিনডাল পালকীয় নির্দেশিকা (Vademecum for Synodality in Asia) প্রণয়নের কাজ শুরু করেন, যা মহাদেশজুড়ে স্থানীয় মণ্ডলীগুলোকে সিনডাল যাত্রার দৃষ্টিভঙ্গি বাস্তবায়নে সহায়তা করবে।
দিনের কার্যসূচির সূচনায় অধিবেশনের সভাপতি আর্চবিশপ বিজয় এন. ডি'ক্রুজ, ওএমআই বলেন, আগের দিন কার্ডিনাল মারিও গ্রেচ এবং ফা. জিয়াকোমো কস্তা, এসজে-এর উপস্থাপনা একটি বিষয় স্পষ্ট করেছে—একটি সিনডাল মণ্ডলীর সূচনা হয় ব্যক্তিগত মন-পরিবর্তনের মাধ্যমে।
তিনি বলেন, "আমরা যদি একটি সিনডাল মণ্ডলী গড়ে তুলতে এবং সেতুবন্ধন নির্মাতা হতে চাই, তবে ব্যক্তিগত মন-পরিবর্তন অপরিহার্য।"
আর্চবিশপ বিজয় স্মরণ করিয়ে দেন, কার্ডিনাল গ্রেচ জোর দিয়েছিলেন যে সিনডালিটি কেবল কাঠামো বা প্রক্রিয়ার বিষয় নয়; বরং এটি এমন একটি জীবনধারা, যার মাধ্যমে মণ্ডলীর দৈনন্দিন জীবনে ঐক্য দৃশ্যমান হয়ে ওঠে। তিনি কার্ডিনাল গ্রেচের বক্তব্য উদ্ধৃত করে বলেন, "যদি ঈশ্বর প্রেম হন, তবে আমরা এটিও বলতে পারি যে ঐক্য ও সম্প্রীতি পবিত্র আত্মারই কাজ।"
আয়োজকেরা জানান, এদিনের মূল লক্ষ্য ছিল "এশিয়ার মণ্ডলীগুলোর প্রতি পবিত্র আত্মা কী বলছেন" তা অনুধাবন করে দুটি গুরুত্বপূর্ণ দলিল প্রস্তুতের ভিত্তি তৈরি করা। এর একটি হবে এশিয়ার ঈশ্বরের জনগণের উদ্দেশে একটি পালকীয় বার্তা এবং অন্যটি হবে একটি ব্যবহারিক সিনডাল নির্দেশিকা (Vademecum), যা ধর্মপ্রদেশগুলোকে আরও সিনডাল, মিশনারি ও দয়াময় মণ্ডলী হিসেবে গড়ে উঠতে সহায়তা করবে।
খসড়া প্রণয়নের কাজ শুরু হয় "এম্মাউস অভিজ্ঞতা" দিয়ে। এম্মাউসগামী শিষ্যদের সুসমাচারের ঘটনাকে ভিত্তি করে অংশগ্রহণকারীদের প্রথমে ১৫ মিনিট নীরবে ব্যক্তিগত প্রার্থনা ও আত্ম-অনুধ্যানের জন্য সময় দেওয়া হয়। এরপর তারা নিজেদের উপলব্ধি ভাগাভাগি করে 'কনভারসেশন ইন দ্য স্পিরিট'-এ অংশ নেন।
আগের অধিবেশনগুলোর মতো শুধু অভিজ্ঞতা বিনিময় নয়, এবার প্রতিটি দল একটি নির্দিষ্ট প্রশ্ন নিয়ে আলোচনা করে—এশিয়ার প্রতিটি স্থানীয় মণ্ডলীকে আরও গভীর মন-পরিবর্তনের অভিজ্ঞতা অর্জন এবং একটি মিশনারি সিনডাল মণ্ডলী হিসেবে গড়ে তুলতে এই নির্দেশিকায় কী কী বিষয়, অগ্রাধিকার ও ব্যবহারিক দিকনির্দেশনা থাকা উচিত?
অংশগ্রহণকারীদের এমনভাবে ভাবতে বলা হয়, যেন তারা এশিয়ার সব বিশপের জন্য একটি ব্যবহারিক সহায়িকা প্রস্তুত করছেন। উদ্দেশ্য সবার জন্য একটিই সমাধান দেওয়া নয়; বরং প্রতিটি ধর্মপ্রদেশ যেন নিজেদের পালকীয় বাস্তবতার আলোকে সিনডের চূড়ান্ত দলিল বাস্তবায়ন করতে পারে, সে জন্য কার্যকর দিকনির্দেশনা তৈরি করা।
আয়োজকেরা জোর দিয়ে বলেন, এই Vademecum কোনো তাত্ত্বিক দলিল নয়; বরং এটি হবে স্থানীয় মণ্ডলীতে সিনডাল জীবনধারা বাস্তবায়নের একটি ব্যবহারিক সহায়িকা।
মৌখিক উপস্থাপনার পরিবর্তে প্রতিটি টেবিল তাদের সুপারিশ লিখিতভাবে জমা দেয়। এসব প্রস্তাবই ভবিষ্যতে এশিয়ার জন্য সিনডাল পালকীয় নির্দেশিকার প্রথম খসড়া হিসেবে ব্যবহৃত হবে।
এদিনের কর্মসূচিতে FABC-এর গঠনতন্ত্র সংশোধন, আঞ্চলিক বিশপদের পরামর্শসভা, এশিয়ার ঈশ্বরের জনগণের উদ্দেশে চূড়ান্ত বার্তার খসড়া প্রণয়ন এবং পরে পবিত্র পিতার বার্তা গ্রহণও অন্তর্ভুক্ত ছিল।
অধিবেশনের আয়োজকেরা বলেন, প্রার্থনা, নীরবতা, ব্যক্তিগত আত্ম-অনুধ্যান ও সম্মিলিত আত্মিক বিচক্ষণতার মধ্য দিয়ে এই খসড়া প্রণয়নের কাজ শুরু হওয়া আবারও প্রমাণ করে যে সিনডালিটি শুধু নতুন দলিল তৈরির বিষয় নয়; বরং পবিত্র আত্মার আহ্বান একসঙ্গে শুনে সেই উপলব্ধিকে মণ্ডলীর দৈনন্দিন জীবন ও মিশনে বাস্তবায়িত করার একটি ধারাবাহিক যাত্রা।
