ফেডারেশন অফ এশিয়ান বিশপস কনফারেন্সেস (FABC)-এর ১২তম প্লেনারি অ্যাসেম্বলির শুভ সূচনা
আর ভি এ সংবাদমাধ্যম অনুসারে, ফেডারেশন অফ এশিয়ান বিশপস কনফারেন্সেস (FABC)-এর ১২তম প্লেনারি অ্যাসেম্বলি ২২ জুলাই জাকার্তার হোটেল মুলিয়ায় আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
এশিয়ার বিভিন্ন প্রান্ত থেকে বিশপ, খ্রীষ্টমণ্ডলীর নেতা এবং প্রতিনিধিরা বিশ্বাস, একতা এবং সাংস্কৃতিক বৈচিত্র্যের উদযাপনে একত্রিত হয়েছেন।
উদ্বোধনী খ্রীষ্টযাগে নেতৃত্ব দেন পোপ লিও XIV-এর পোপীয় দূত কার্ডিনাল অসওয়াল্ড গ্রাসিয়াস।
উপদেশে তিনি সিনোডালিটিকে _"বিশ্বের প্রতি চার্চের অন্যতম শ্রেষ্ঠ উপহার"_ বলে বর্ণনা করেন এবং সংলাপ, মিলন ও ভ্রাতৃত্বের মাধ্যমে এশিয়ার খ্রীষ্টমণ্ডলী গুলোকে শান্তির নির্মাতা হওয়ার আহ্বান জানান।
উদ্বোধনী অনুষ্ঠানে ইন্দোনেশিয়ার ক্যাথলিক বিশপস কনফারেন্সের প্রেসিডেন্ট বিশপ আন্তোনিয়ুস সুবিয়ান্তো বুনজামিন, OSC প্রতিনিধিদের স্বাগত জানান।
FABC-এর প্রেসিডেন্ট কার্ডিনাল ফিলিপে নেরি ফেরাও বলেন, এশিয়ার সমৃদ্ধ বৈচিত্র্যই চার্চের যৌথ মিশনকে আরও শক্তিশালী করে তোলে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইন্দোনেশিয়ার ধর্ম বিষয়ক মন্ত্রী নাসারুদ্দিন উমার। তিনি শান্তি, সংহতি ও পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধির জন্য ধর্মীয় সম্প্রদায়গুলোকে _"ভালোবাসার ভাষা"_ গ্রহণ করার আহ্বান জানান।
বক্তারা সকলেই এশিয়ার খ্রীষ্টমণ্ডলীকে শোনা, সংলাপ বিনিময়, সহভাগিতা ও আশার মধ্য দিয়ে একটি সিনোডাল চার্চ তথা মণ্ডলী হিসেবে একসাথে পথ চলার উৎসাহ দেন।
উদ্বোধনী উদযাপনে ইন্দোনেশিয়ার সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যও তুলে ধরা হয় — ঐতিহ্যবাহী সঙ্গীত, নৃত্য এবং স্থানীয় পরিবেশনার মাধ্যমে। এটি এশিয়ার বিভিন্ন দেশ থেকে আসা প্রতিনিধিদের আন্তরিকভাবে বরণ করে নেয় এবং "বৈচিত্র্যের মধ্যে ঐক্য" — সম্মেলনের মূল চেতনাকে তুলে ধরে। প্রতিবেদন – চন্দনা রোজারিও।
