ভারতীয় মাটিতে আশার বাহক: হেল্পার সিস্টার্সের স্মারক গ্রন্থের প্রকাশ
বিগত ২৮ জুন ২০২৬: পার্ক সার্কাসের ডন বস্কো স্কুল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হলো হেল্পার সিস্টার্স কনগ্রেগেশনের স্মারক গ্রন্থ ‘Helper Sisters – Bearers of Hope on Indian Soil’ -এর প্রকাশ অনুষ্ঠান। কৃতজ্ঞতা, আনন্দ ও ঈশ্বরকে ধন্যবাদ জ্ঞাপনের আবহে আয়োজিত এই অনুষ্ঠানে উদযাপিত হয় কনগ্রেগেশনের প্রতিষ্ঠাতা ধন্য মেরি অব প্রভিডেন্স-এর জন্মের দ্বিশতবর্ষ বার্ষিকী এবং পশ্চিমবঙ্গে প্রথম হেল্পার সিস্টার্সদের আগমনের ৩০ বছর পূর্তি অনুষ্ঠান।
গ্রন্থটি ভারতবর্ষে হেল্পার সিস্টার্সদের ইতিহাস, আধ্যাত্মিকতা, সেবামূলক জীবন এবং উত্তরাধিকার সংরক্ষণ ও ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরার উদ্দেশ্যে প্রকাশিত হয়। ধন্য মেরি অফ প্রভিডেন্সের দর্শন ও চেতনা থেকে অনুপ্রাণিত হয়ে ঈশ্বরের আহ্বানে সাড়া দিয়ে দরিদ্র, অবহেলিত ও প্রান্তিক মানুষের সেবায় নিজেদের জীবন উৎসর্গ করা ভারতীয় হেল্পার সিস্টার্সদের বিশ্বাসযাত্রা এই গ্রন্থে সুন্দরভাবে তুলে ধরা হয়েছে।
কনগ্রেগেশনের মূলমন্ত্র “To Help in All Manner of Good”-কে সামনে রেখে তাঁরা জাতি, ধর্ম, ভাষা ও সংস্কৃতির ভেদাভেদ অতিক্রম করে মানবসেবার মাধ্যমে ঈশ্বরের প্রেমের সাক্ষ্য বহন করে চলেছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কনগ্রেগেশনের চায়না-ইন্ডিয়া গ্রুপ সুপিরিয়র ও গ্রন্থের সম্পাদক সিস্টার লুসিয়া চিমা, এস.এ, এবং সহ-সম্পাদক ফাদার মোরলিন কে. এস.জে.।
প্রধান অতিথি ছিলেন যীশু সংঘ সমাজের প্রভিন্সিয়াল ফাদার আর্জেন্ট টেটে এস.জে. এবং সম্মানিত অতিথি ছিলেন ফাদার জন রোমুস।
প্রার্থনা নৃত্যের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর ফাদার অরুণ লুকাস, এস.জে. নির্মিত একটি তথ্যচিত্রের মাধ্যমে ভারতে হেল্পার সিস্টার্সদের ইতিহাস ও বিভিন্ন সেবামূলক কর্মকাণ্ড তুলে ধরা হয়। স্বাগত ভাষণের পর অতিথিদের মঞ্চে আমন্ত্রণ জানানো হয় এবং প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল গ্রন্থটির আনুষ্ঠানিক প্রকাশ। গ্রন্থটি তিনটি ভাগে বিভক্ত। প্রথম অংশে পশ্চিমবঙ্গে হেল্পার সিস্টার্সদের প্রতিষ্ঠা ও বিকাশের ইতিহাস তুলে ধরা হয়েছে। দ্বিতীয় অংশে ভারতীয় হেল্পার সিস্টার্সদের ব্যক্তিগত আহ্বান, ধর্মীয় জীবন ও মিশনারি অভিজ্ঞতার বর্ণনা রয়েছে। তৃতীয় অংশে কনগ্রেগেশনের বিভিন্ন প্রেরিত কার্যক্রম, সহযোগিতামূলক উদ্যোগ এবং তাঁদের স্টাডি হাউসের সহায়তায় উচ্চশিক্ষা অর্জনকারী কয়েকজন নারীর জীবনকথা স্থান পেয়েছে।
অতিথিবৃন্দ গ্রন্থটিকে কনগ্রেগেশনের ইতিহাস, আধ্যাত্মিকতা ও প্রেরণাদায়ক সেবাজীবনের এক মূল্যবান দলিল হিসেবে উল্লেখ করেন। তাঁরা গত তিন দশকে ভারতে হেল্পার সিস্টার্সদের নিবেদিতপ্রাণ সেবার প্রশংসা করেন এবং ভবিষ্যতেও একই নিষ্ঠা ও উদ্দীপনায় তাঁদের মিশন চালিয়ে যাওয়ার আহ্বান জানান। পরে অতিথি ও গ্রন্থ প্রকাশে বিশেষ অবদান রাখা ব্যক্তিদের হাতে গ্রন্থের কপি তুলে দেওয়া হয়।
পুরো অনুষ্ঠান জুড়ে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা উৎসবের আনন্দকে আরও সমৃদ্ধ করে তোলে। অনুষ্ঠানের শেষে সিস্টার লুসিয়া চিমা, এস.এ. সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে ধন্যবাদ জ্ঞাপন করেন। সমাপনী নৃত্যের মধ্য দিয়ে দিনটির আনুষ্ঠানিক পরিসমাপ্তি ঘটে।
প্রতিবেদন - সিস্টার কাকুলি মাঝি এসএ
অনুলিখন - তেরেসা রোজারিও