ভস্ম বুধবারের আহ্বান: “অনুতপ্ত হও, নতুন মানুষ হয়ে উঠো”

খ্রিস্টীয় জীবনে ভস্ম বুধবার একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ দিন। এই দিনের মাধ্যমে আমরা প্রবেশ করি তপস্যাকালে; এটি একটি পবিত্র, আত্মশুদ্ধির ও অনুতাপের যাত্রা।

এটি শুধু ক্যালেন্ডারের একটি দিন নয়; এটি আত্মার জাগরণের আহ্বানের সময়। এই দিন আমাদের সামনে প্রশ্ন তুলে ধরে: আমি কি ঈশ্বরের সঙ্গে আমার সর্ম্পক কতটা গভীর করেছি? আমার জীবনে কি সত্যিই পরিবর্তন এসেছে বা আমি কি সত্যিই পরিবর্তন চেয়েছি?

ভস্ম বুধবারের প্রধান প্রতীক হলো কপালে ছাই অঙ্কন বা মাখা। যখন পুরোহিত কপালে ছাই দিয়ে বলেন, “তুমি ধূলি, এবং ধূলিতেই মিশে যাবে”, অথবা “মন পরিবর্তন করো এবং সুসমাচারে বিশ্বাস করো,” তখন তা আমাদের মানবজীবনের ক্ষণস্থায়ী বাস্তবতাকে স্মরণ করিয়ে দেয়।

আমরা এই পৃথিবীতে কেউ চিরস্থায়ী নই, আমাদের সব গর্ব, সাফল্য ও ক্ষমতা একদিন মুছে যাবে। কিন্তু ঈশ্বরের প্রেম ও করুণা চিরন্তন থেকে যাবে। তাই ভস্ম বুধবার হলো নম্রতার, আত্মসমর্পণের এবং অনুতাপের দিন।

বাইবেলে দেখতে পাই মানুষ পাপের জন্য অনুতপ্ত হলে কপালে ছাই মাখতো ও শোকবস্ত্র পড়ত। ছাই আমাদের পাপের পরিণতি স্বরণ করায়, আবার একই সঙ্গে ঈশ্বরের ক্ষমার ইঙ্গিত দেয়। এটি আমাদের হৃদয়কে নরম ও দয়ালু করে, অহংকার ভেঙ্গে দেয় এবং ঈশ্বরের দিকে ফিরে আসার পথ উন্মুক্ত করে।

মণ্ডলীতে তপস্যাকাল শুরু হয় ভস্ম বুধবারের মধ্য দিয়ে, এটি চল্লিশ দিনের বিশেষ আধাত্মিক যাত্রা। এই চল্লিশ সংখ্যা আমাদের স্বরণ করিয়ে দেয়, ইস্রায়েল জাতির মরুভূমিতে চল্লিশ বছরের যাত্রা এবং যীশুর মরুভূমিতে চল্লিশ দিনের উপবাস ও প্রার্থনা।

কাজেই এই চল্লিশ দিন আমাদের জন্যও মরুভূমির এক বিশেষ আধ্যাত্মিক অভিজ্ঞতা, যেখানে আমরা নীরবতা, আত্মসংযম ও ঈশ্বরের উপর নির্ভরতার শিক্ষা লাভ করি।

তপস্যাকাল আমাদের বিশেষ আহ্বান জানায়, তিনটি বিষয়ে ধ্যান ও অনুশীলন করতে, প্রার্থনা, উপবাস ও দান করতে। প্রার্থনা আমাদের ঈশ্বরের সঙ্গে সংযুক্ত করে, উপবাস আমাদের ইচ্ছা ও প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করতে শেখায়; আর দানশীলতা আমাদের হৃদয়কে উদার ও সহানুভূতিশীল করে তোলে।

পরিশেষে, তপস্যাকাল কেবলই বাহ্যিক নিয়ম পালনের সময় নয়; এটি অন্তরের পরিবর্তনের উত্তম সময়। এটি এমন একটি যাত্রা, যেখানে আমরা পাপ থেকে অনুগ্রহের দিকে, অন্ধকার থেকে আলোতে এবং মৃত্যু থেকে পুনরুত্থানের আশায় এগিয়ে যাই।

আসুন, নিজেদের সকল পাপ ও দূর্বলতার জন্য অনুতপ্ত হই এবং নতুন আশার মানুষ হয়ে উঠি ভালবাসা, ক্ষমা ও দয়া কাজের মাধ্যমে। - ফাদার নিত্য এক্কা, সিএসসি