কৃষ্ণনগর ধর্মপ্রদেশের অন্তর্গত নদিয়া ও মুর্শিদাবাদে অনুষ্ঠিত হল বিসিপির সাংগঠনিক সভা

নদিয়া ও মুর্শিদাবাদে অনুষ্ঠিত হল বিসিপির সাংগঠনিক সভা

বিগত ১৮ এবং ১৯ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ, কৃষ্ণনগর রোমান ক্যাথলিক ধর্মপ্রদেশের উদ্যোগে নদিয়া ও মুর্শিদাবাদ জেলায় বঙ্গীয় খ্রীস্টীয় পরিষেবার (বিসিপি) সাংগঠনিক ও প্রশাসনিক সভা অনুষ্ঠিত হয়। ১৮ সেপ্টেম্বর কৃষ্ণনগরে এবং ১৯ সেপ্টেম্বর আজিমগঞ্জে আয়োজিত এই দুদিনের জেলা সফর ও সভায় খ্রীষ্টবিশ্বাসীদের সংগঠিত করা, আইনি সচেতনতা এবং আগামী কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়।

১৮ সেপ্টেম্বর সন্ধ্যায় কৃষ্ণনগরে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কৃষ্ণনগর রোমান ক্যাথলিক ধর্মপ্রদেশের ধর্মপাল বিশপ নির্মল গোমেস। উপস্থিত ছিলেন ধর্মপ্রদেশের ভিকার জেনারেল ফাদার প্রদীপ মণ্ডল সিএসএসআর, বিসিপির কেন্দ্রীয় নেতৃত্বের প্রতিনিধি সমীর লাহিড়ী, সুবীর সরকার, কলকাতা হাইকোর্টের সিনিয়র অ্যাডভোকেট ড. বিমল গোমেস এবং বিসিপির লিগ্যাল সেলের সেক্রেটারি ও কলকাতা হাইকোর্টের অ্যাডভোকেট আদিত্য তেওয়ারীসহ অন্যান্যরা।

সভায় মণ্ডলী ও খ্রীষ্টবিশ্বাসীদের ওপর চলমান হামলা, ভাঙচুর, নির্যাতন ও অপপ্রচারের মতো বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি পরিস্থিতির প্রেক্ষিতে খ্রীষ্টবিশ্বাসীদের পদ্ধতিগতভাবে ঐক্যবদ্ধ ও সংগঠিত করা, সাংগঠনিক দিকনির্দেশনা প্রদান এবং প্রয়োজনীয় আইনি পরামর্শের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, ধর্মপল্লী স্তরে খ্রীষ্টবিশ্বাসীদের আরও সংগঠিত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। প্রতিটি ধর্মপল্লীর প্রত্যেক খ্রীষ্টবিশ্বাসীকে বিসিপির সদস্যপদ দেওয়ার উদ্যোগও নেওয়া হবে।

এছাড়া রাজ্য ও দেশের বিভিন্ন প্রান্তের ঘটনাবলি, বিসিপির কর্মসূচি, নির্দেশনা ও প্রয়োজনীয় তথ্য সম্পর্কে খ্রীষ্টবিশ্বাসীদের নিয়মিত অবহিত করার জন্য প্রতিটি ধর্মপল্লীর পক্ষ থেকে তাঁদের বিসিপির ‘সময় কথা বলে’ চ্যানেলের সাবস্ক্রাইবার করার ব্যবস্থা করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়।

দুই দিনের জেলা সফরের আর একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল আগামী ৫ নভেম্বর কলকাতায় আয়োজিত প্রার্থনা মহাসভা। এই কর্মসূচিতে অংশগ্রহণ এবং প্রস্তুতি নিয়েও সভায় আলোচনা হয়।

প্রতিবেদক: শ্রী সঞ্জিত সানি
বঙ্গীয় খ্রীস্টীয় পরিষেবা

Bengali pop up image