পবিত্র আত্মা উচ্চ সেমিনারির নতুন পরিচালক হিসেবে নিয়োগ পেলেন ফাদার পিটার শ্যানেল গমেজ

পবিত্র আত্মা উচ্চ সেমিনারির নতুন পরিচালক ফাদার পিটার শ্যানেল গমেজ

গত ৩০ জুন ২০২৬ খ্রিস্টাব্দ, পবিত্র আত্মা উচ্চ সেমিনারির (Holy Spirit Major Seminary) নতুন পরিচালক হিসেবে নিয়োগ পেলেন ফাদার পিটার শ্যানেল গমেজ।

উল্লেখ্য যে, বিশপ পল গমেজের স্থলাভিষিক্ত হয়ে তিনি এই গুরুত্বপূর্ণ দায়িত্ব গ্রহণ করেছেন। আমরা বিশ্বাস করি, তাঁর প্রজ্ঞা, আধ্যাত্মিক নেতৃত্ব এবং নিবেদিত সেবার মাধ্যমে ভবিষ্যৎ যাজকদের গঠন সেমিনারির শিক্ষা কার্যক্রম আরও সমৃদ্ধ ফলপ্রসূ হয়ে উঠবে।

সর্বশক্তিমান ঈশ্বর তাঁকে সুস্বাস্থ্য, প্রজ্ঞা, সাহস অফুরন্ত আশীর্বাদে পরিপূর্ণ করুন, তিনি যেন খ্রিস্টের প্রেম সুসমাচারের আলোয় নতুন প্রজন্মের রাখালদের গড়ে তুলতে সক্ষম হন।

ভবিষ্যৎ যাজকদের গঠনের এই গুরত্বপূর্ণ দায়িত্ব গ্রহণের প্রাক্কালে সেমিনারীয়ানগণ তাঁর জন্য প্রার্থনার আশ্বাসও প্রদান করে। তারা বলেনবাংলাদেশের মণ্ডলীর ভবিষ্যৎ যাজকদের গঠনের এই নতুন দায়িত্ব গ্রহণের মুহূর্তে আমরা তাঁকে আমাদের আন্তরিক প্রার্থনায় স্মরণ করছি এবং পবিত্র আত্মার কাছে প্রার্থনা করছি, যেন তিনি তাঁর নেতৃত্বে প্রজ্ঞা, শক্তি অনুগ্রহ দান করেন।

রেডিও ভেরিতাস এশিয়া বাংলা বিভাগকে দেওয়া এক সাক্ষাৎকারে ফাদার পিটার শ্যানেল গমেজ তাঁর নিয়োগের বিষয়ে গভীর কৃতজ্ঞতা, বিনয় ঈশ্বরের পরিকল্পনার প্রতি আস্থার কথা প্রকাশ করেন।

তিনি বলেন, “কৃতজ্ঞতা, বিনয় এবং ঈশ্বরের প্রজ্ঞাময় পরিকল্পনার প্রতি গভীর বিশ্বাস নিয়ে আমি আমাদের পবিত্র আত্মা উচ্চ সেমিনারীর পরিচালক হিসেবে এই নিয়োগ গ্রহণ করছি। এটি এমন কোনো পদ নয়, যা আমি নিজে প্রত্যাশা করেছি; বরং এটি এমন এক আহ্বান, যা আমি বিশ্বাসের সঙ্গে গ্রহণ করছি। কারণ আমি জানি, প্রভু যাকে আহ্বান করেন, তাকে বিশ্বস্ততার সঙ্গে সেবা করার প্রয়োজনীয় অনুগ্রহও তিনি দান করেন।

পোপ চতুদর্শ লিও’র সাথে সাক্ষাৎকালে ফাদার পিটার শ্যানেল গমেজ

যাজক গঠনের যে বিষয়গুলো রয়েছে সে সম্পর্কে  তিনি বলেন, পবিত্র আত্মা উচ্চ সেমিনারী কেবলমাত্র একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়, বরং এর গুরুত্ব আরও গভীর।

এই সেমিনারী একটি পবিত্র আবাস, যেখানে ঈশ্বর তাঁর জনগণের পালক হওয়ার জন্য মনোনীত ব্যক্তিদের হৃদয় গঠন করে চলেছেন। এই তরুণদের আহ্বান-অনুধাবন গঠনের যাত্রায় পাশে থাকা যেমন একটি বিশেষ সুযোগ, তেমনি এটি  গভীর দায়িত্বও,” বলেন ফাদার গমেজ।

তিনি সেমিনারীর সার্বিক বিশেষ করে মানবিক আধ্যাত্মিক গঠনের জন্য কাজ করার প্রত্যয় ব্যক্ত করে বলেন, “নিবেদিতপ্রাণ গঠনকারীগণ, কর্মীবৃন্দ এবং সমগ্র সেমিনারী সম্প্রদায়ের সঙ্গে একত্রে আমি এমন একটি পরিবেশ গড়ে তুলতে চাই, যেখানে বিশ্বাস আরও গভীর হবে, প্রজ্ঞা বিকশিত হবে, চরিত্র হবে দৃঢ় এবং খ্রিস্ট তাঁর মণ্ডলীর প্রতি ভালোবাসা আরও শক্তিশালী হবে।

নতুন দায়িত্বের চ্যালেঞ্জ সম্পর্কে সচেতনতা প্রকাশ করে ফাদার গমেজ তাঁর এই কাজকে ঈশ্বরের হাতে সমর্পণ করেন।

তিনি বলেন, “আমি আমার সীমাবদ্ধতাগুলো সম্পর্কে সম্পূর্ণ সচেতন হয়েই এই দায়িত্ব গ্রহণ করছি। তবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, মানুষের দুর্বলতার মধ্য দিয়েই ঈশ্বরের শক্তি সবচেয়ে উজ্জ্বলভাবে প্রকাশিত হয়। আমি এই নতুন দায়িত্ব সম্পূর্ণভাবে তাঁর হাতে সমর্পণ করছি এবং বিশ্বাস করি যে, তিনি আমার প্রতিটি পদক্ষেপ পরিচালিত করবেন।

এছাড়াও তিনি খ্রিস্টভক্তদের প্রার্থনা, উৎসাহ সহযোগিতাও কামনা করে বলেন, “আমি বিনয়ের সঙ্গে আপনাদের প্রার্থনা, উৎসাহ এবং সহযোগিতা কামনা করছি। আসুন, আমরা সবাই আশার পথে একসঙ্গে চলি, একে অপরকে পবিত্রতার সন্ধান করতে, সত্যকে ধারণ করতে এবং উদার হৃদয়ে সেবা করতে অনুপ্রাণিত করি।

ফাদার পিটার শ্যানেল গমেজ, তিনি ঢাকা মহাধর্মপ্রদেশের একজন যাজক। তিনি বর্তমানে বাংলাদেশে পন্টিফিক্যাল মিশন সোসাইটিজের জাতীয় পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

তিনি ১৯৮১ সালে তুইতাল পবিত্র আত্মা ধর্মপল্লীর অন্তর্গত সোনাবাজু গ্রামে জন্মগ্রহণ করেন। পরে ২০১১ সালের ২০ মে তিনি যাজকীয় অভিষেক লাভ করেন। অভিষেকের পর তিনি সহকারী ধর্মপল্লী যাজক, ঢাকা সেন্ট জোসেফ সেমিনারীর ভাইস-রেক্টরসহ বিভিন্ন  পালকীয় গঠনমূলক দায়িত্ব পালন করেন।

২০১৭ থেকে ২০২০ সাল পর্যন্ত তিনি রোমের পন্টিফিক্যাল লিটার্জিক্যাল ইনস্টিটিউট, সান্ত'আনসেলমো-তে উচ্চশিক্ষা গ্রহণ করেন এবং লিটার্জিতে লাইসেন্সিয়েট ডিগ্রি অর্জন করেন।

বাংলাদেশে ফিরে এসে তিনি পুনরায় পালকীয় দায়িত্ব পালন শুরু করেন এবং ২০২১ সালের সেপ্টেম্বর থেকে পবিত্র আত্মা উচ্চ সেমিনারীতে আবাসিক গঠনকারী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

রেডিও ভেরিতাস এশিয়া বাংলা বিভাগের পক্ষ থেকে ফাদার পিটার শ্যানেল গমেজকে জানাই আন্তরিক অভিনন্দন প্রার্থনাপূর্ণ শুভেচ্ছা।আরভিএ সংবাদ