এশিয়ায় সুসমাচার প্রচারের জন্য নতুন পরিকল্পনা – জাকার্তায় এশীয় বিশপ সম্মেলন
ফেডারেশন অফ এশিয়ান বিশপস কনফারেন্সেস (FABC)-এর ১২তম প্লেনারি সভা আগামী ২০-২৬ জুলাই ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিত হবে। এই সভায় এশিয়ায় ক্যাথলিক খ্রীষ্টমণ্ডলীর ভবিষ্যৎ লক্ষ্য নির্ধারণ করা হবে।
এই মহা সভায় ১২০ জনেরও বেশি প্রতিনিধি যোগ দেবেন। এর মধ্যে আছেন বিশপগণ, বিভিন্ন দেশের বিশপ সম্মেলনের প্রতিনিধি, ভ্যাটিকানের কর্মকর্তা, FABC-এর সচিব, শিক্ষাবিদ এবং সারা এশিয়ার আধ্যাত্মিক ধর্মগুরু ও বিশেষজ্ঞরা।
জাকার্তা আর্চডায়োসিসের আয়োজনে, হোটেল মুলিয়া সেনায়ানে সপ্তাহব্যাপী এই সভা হবে।
সভার প্রতিপাদ্য বিষয় “সিনোডাল পরিবর্তন এবং এশিয়ায় যাজক গঠনে খ্রীষ্টমণ্ডলীর মিশন”- “তুমি এর চেয়েও মহৎ কাজ দেখবে” – যোহন ১:৫০
*২১ জুলাই:পবিত্র খ্রীষ্টযাগ উদযাপনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন হবে। মুম্বইয়ের প্রাক্তন আর্চবিশপ কার্ডিনাল ওসওয়াল্ড গ্রাসিয়াস পবিত্র খ্রীষ্টযাগে পৌরহিত্য করবেন।
২২ জুলাই: প্রচার বিষয়ক ডিকাস্টারির প্রো-প্রিফেক্ট কার্ডিনাল লুইস আন্তোনিও তাগলের নেতৃত্বে সারা দিনের প্রার্থনা ও স্মরণ অনুষ্ঠান করা হবে।
বাকি দিনগুলো: এশিয়া মহাদেশের পরিবর্তনশীল সামাজিক ,ভূ-তাত্বিক ও রাজনৈতিক বাস্তবতা নিয়ে প্রদর্শনী ও আলোচনা করা হবে। সিনোডাল নেতৃত্ব, আন্তঃধর্মীয় সংলাপ এবং স্থানীয় খ্রীষ্টমণ্ডলী গুলির মধ্যে সহযোগিতা নিয়ে আলোচনা, আঞ্চলিক বিতর্ক ও প্যানেল ডিস্কাশন প্রভৃতি বিষয়ে অধিবেশন থাকবে।
২৫ জুলাই: পরম শ্রদ্ধেয় পোপ লিও চতুর্দশের বার্তা অংশগ্রহণকারীদের কাছে পরিবেশন করা হবে।
FABC-এর Religious Teachers' Office-এর সভাপতি, বিশাখাপত্তনমের বিশপ, মহামান্য উদুমুলা বালা গারু এই দায়িত্ব পালন করছেন। - তথ্যসূত্র: এম ক্রান্থি স্বরূপ, আরভিএ – তেলেগু। অনুলিখন – চন্দনা রোজারিও।