ফাদার্স ডে উদযাপন কলকাতার প্রভু যীশুর গির্জায়
কলকাতা, ২১ জুন ২০২৬: আন্তর্জাতিক ফাদার্স ডে উপলক্ষে প্রভু যীশুর গির্জা ধর্মপল্লীতে, ধর্মপল্লীর সকল বাবাদের সম্মানে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। দিনব্যাপী এই অনুষ্ঠানে ছিল দ্বিভাষিক খ্রীষ্টযাগ, সাংস্কৃতিক পরিবেশনা, বিভিন্ন আনন্দঘন খেলা এবং প্রীতিভোজ।
সকাল ৯টায় পবিত্র খ্রীষ্টযাগ উদযাপন করেন বর্ষিয়ান ফাদার জর্জ পোন্নোদাথ এস. জে। তাঁর সঙ্গে সহ-যাজক ছিলেন পালপুরোহিত ফাদার প্রবাল গোমেজ এস. জে., সহকারী পালপুরোহিত ফাদার অনিল গোমেজ এস. জে., ফাদার দীপক গোমেজ এস. জে. এবং অনুযাজক প্রসেনজিৎ পাল গোমেজ এস. জে।
ফাদার জর্জ তাঁর উপদেশে পিতাদের উদ্দেশ্যে বলেন “আদর্শ পিতার ভূমিকা শুধু মাত্র অর্থ উপার্জনে নয় বরং তার সন্তানদের যথাযথ সময় প্রদান করা।“ বাইবেলের উদ্ধৃতি দিয়ে তিনি আরও বলেন “একজন পিতাকে সব সময় সেই অপব্যয়ী পুত্রের পিতার মতো হওয়া উচিত। যিনি যে কোন অবস্থাতেই তার সন্তানকে কখনো অস্বীকার করেননি। বরং তার ভালোবাসা দিয়ে তাকে আলোর পথে নিয়ে এসেছিলেন। ঠিক একই ভাবে প্রত্যেকটি বাবার আদর্শ কর্তব্য হলো তার সন্তানকে প্রকৃত খ্রিষ্টান রূপে গড়ে তোলা।“
খ্রীষ্টযাগের পরবর্তী পর্যায়ে পাঠ, সার্বজনীন প্রার্থনা, দান সংগ্রহ এবং অর্ঘ দান —সবকিছুতেই বাবারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। বিশ্বস্তদের প্রার্থনায় বিশেষভাবে সকল বাবাদের সুস্বাস্থ্য, বিদেশে কর্মরত বাবাদের নিরাপত্তা, কল্যাণ এবং কর্মহীন বাবাদের জন্য প্রার্থনা করা হয়। বাংলা ও ইংরেজি গায়কদলের সুমধুর সঙ্গীত পরিবেশন পুরো উপাসনাকে আরও প্রাণবন্ত করে তোলে। খ্রীষ্টযাগ শেষে উপস্থিত সকলের জন্য চা ও কেকের ব্যবস্থা করা হয়।
পরবর্তীতে বাবাদের প্যারিশ হলে নিয়ে যাওয়া হয়, যেখানে তাঁদের জন্য বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান, আনন্দঘন খেলা এবং প্রীতিভোজের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে ফাদার জর্জ পোন্নোদাথকে ধর্মপল্লীর পক্ষ থেকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানের সূচনায় ধর্মপল্লীর বাংলা গায়কদল ‘সঞ্চারী’-এর সদস্যরা সঙ্গীত পরিবেশন করেন।
এরপর ফাদার জর্জ উপস্থিত সকলের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন এবং কয়েকজন বাবাকে পিতৃত্বের অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার জন্য আমন্ত্রণ জানান। তিনি বলেন “পবিত্র পরিবার বলতে সেই পরিবারকেই বোঝায় যে পরিবারের কেন্দ্রবিন্দুতে যীশুখ্রীষ্ট থাকেন।“
পরে শ্রী শেখর অ্যান্টনি গোমেজ একটি গান পরিবেশন করেন। শ্রী ললিত গোমেজ সেতার পরিবেশন করেন এবং তাঁকে হারমোনিয়ামে সঙ্গত করেন শ্রী রতন গোমেজ। এরপর শ্রী রতন গোমেজ একটি গান পরিবেশন করেন। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল পালপুরোহিত ফাদার প্রবাল গোমেজ এস. জে.-এর পরিবেশিত মনোমুগ্ধকর বাউল গান, যা উপস্থিত সকলের প্রশংসা কুড়ায়।
সাংস্কৃতিক অনুষ্ঠানের পর ধর্মপল্লীর যুব সদস্যদের পরিচালনায় বিভিন্ন আনন্দঘন খেলার আয়োজন করা হয়। বিজয়ীদের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার প্রদান করা হয় এবং উপস্থিত প্রত্যেক বাবাকে স্মারক উপহার তুলে দেওয়া হয়। পরে সঙ্গীতের তালে বাবাদের প্রাণবন্ত নৃত্য অনুষ্ঠানে নতুন মাত্রা যোগ করে।
দিনব্যাপী এই আনন্দঘন আয়োজন শেষে সকল বাবা ও উপস্থিত অতিথিদের অংশগ্রহণে এক আন্তরিক প্রীতিভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। ফাদার্স ডে উদযাপনের এই বিশেষ উদ্যোগ ধর্মপল্লীর বাবাদের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতার এক উজ্জ্বল নিদর্শন হয়ে চিরস্মরণীয় হয়ে থাকবে।
প্রতিবেদন - তেরেসা রোজারিও